বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ব্লকচেইন অন্তর্ভূক্তির আহ্বান পলকের

৬ অক্টোবর, ২০২১ ১৩:০৫  
বিনিয়োগ প্রাপ্তির অন্যতম খাত হিসেবে বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে ব্লকচেইন অন্তর্ভূক্তির আহ্বান পলকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২৩ মিলিয়ন ডলারের ওপর বিনিয়োগ পেয়েছে ব্লকচেইন স্টার্টআপগুলো। তাই দেশের উদ্যোক্তা সংস্কৃতিতে ব্লকচেইনকে সন্নিবেশের মাধ্যমে প্রযুক্তিখাতে বিনিয়োগের অন্যতম খাত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তির মাধ্যমে শিক্ষাবিদদেরএগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বজুড়ে চলমান সাইবার যুদ্ধে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে তাদের স্বাস্থ্য, ভূমি ও শিক্ষা সংক্রান্ত নির্ভুল তথ্য সংরক্ষণ ও নিরাপত্তায় সরকার ইতোমধ্যে ব্লক-চেইন প্রযুক্তি ব্যবহার করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই প্রযুক্তির মাধ্যমে জাল-জালিয়াতি রোধসহ আর্থিক সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করার ইচ্ছাও প্রকাশ করেছেন পলক। ফেসবুকের ঘটনায় প্রমাণিত হয়েছে বিশ্বের কোনো টেক জায়ন্টই তথ্যের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবধানী অবস্থান গ্রহণের মাধ্যমে নতুন প্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী। “আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ (IBCOL)” আয়োজন উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এবারের অলিম্পিয়াডের চেয়ারম্যান ও টেকনোহ্যাভেন প্রতিষ্ঠাতা হাবিবুল্লাহ এন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুল মান্নান। এছাড়াও হংকং থেকে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দেন হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা। হংকংয়ের বাইরে প্রথমবারের মতো আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড। অনুষ্ঠান হবে ফিজিক্যাল ও ভার্চুয়ালি।